শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সরকারে এলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি: নাসীরুদ্দীন পাটওয়ারী


সরকার গঠন করলে বা সরকারের অংশ হতে পারলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দলীয় দাসত্ব ও পরিবারতন্ত্রের রাজনীতিকে পরিহার করে নতুন প্রজন্মের জন্য স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য।

৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ 

সরকারে এলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি: নাসীরুদ্দীন পাটওয়ারী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সরকারে যেতে পারলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।”

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দেশে পাবলিক ও প্রাইভেট—দুই সেক্টরেই চাকরির ক্ষেত্রে দলীয় আনুগত্য, পরিবারতন্ত্র, সুপারিশ, চাঁদাবাজি ও তোষামোদ ছিল প্রধান যোগ্যতা। তিনি বলেন,
“পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন; এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।”

ছোট দলগুলোর উদ্দেশে তিনি বলেন, বড় দলের কাছে মাথা নত না করে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। তিনি আরও বলেন,
“মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি—এসব আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।”

এসময় ভারতকে নিয়েও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সতর্ক করে বলেন,
“ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব‍্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।”

অনুষ্ঠানে এনসিপি ও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।