শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের


নির্বাচন যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এমন প্রত্যাশা জানিয়ে যথাসময়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনিক বদলি, গণভোট এবং সাইবার নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগ তুলে ধরেন।

৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ 

যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যথাসময়ে ও যথাযথ পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবারের জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, প্রার্থীরাও স্বচ্ছতার সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারেন—এটা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক এসপি-ডিসি বদলির পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে তাদের মনে হয়েছে। এ বিষয়ে কমিশনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটের প্রশ্নগুলো প্রথম থেকেই প্রচার করা প্রয়োজন, যাতে জনগণের মাঝে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। মিস ইনফরমেশন ও ডিজইনফরমেশন মোকাবিলায় নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হতে হবে। নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ঠেকাতেও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

গণভোট নিয়ে তিনি বলেন, “বিভিন্ন দলের চাহিদার কথা মাথায় রেখে একাধিক প্রশ্ন রাখা হয়েছে। আমাদের মতে, আরও সহজভাবে করা উচিত ছিল। এ কারণে বিভ্রান্তির সম্ভাবনা আছে। সরকার ও দলের পক্ষ থেকে ব্যাপক প্রচার করে বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তফসিল ঘোষণা করার পরামর্শও দেন এনসিপির আহ্বায়ক।

নির্বাচন কমিশনকে কেন্দ্র করে তাদের উদ্বেগ এখনো রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “পুরোনো আইনে কমিশন গঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম সংস্কার প্রস্তাব অনুযায়ী নতুন কাঠামোতে এটি গঠিত হোক। তবুও আমরা নির্বাচনমুখী থাকতে চাই।”

শেষে তিনি বলেন, এনসিপি সব দিক থেকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। তবে কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে তারা সম্পূর্ণ অনাস্থা জানাতে বাধ্য হবেন।