শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ধর্ম অবমাননা ইস্যুতে নতুন করে অবস্থান স্পষ্ট করল এনসিপি


ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি’ নিয়ে ফের স্পষ্ট অবস্থান জানিয়ে এনসিপি বলেছে—তারা ধর্ম অবমাননার পক্ষে নয়, আইনের সীমার মধ্যে মতপ্রকাশের অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিরুদ্ধেই কেবল অবস্থান নিয়েছে।

২৫ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ 

ধর্ম অবমাননা ইস্যুতে নতুন করে অবস্থান স্পষ্ট করল এনসিপি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার হওয়া এবং তার জামিন দাবিতে মানববন্ধনে হামলার ঘটনার ব্যাখ্যা নিয়ে ফের বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তাদের আগের বিবৃতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে বলেই তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এটি বিচারাধীন বিষয়। তারা মনে করে, এই ঘটনার সমাধান হওয়া উচিত সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাদের আগের বিবৃতির উদ্দেশ্য আউল সরকারের বক্তব্যকে সমর্থন করা নয়, বরং মানববন্ধনে হামলার নিন্দা জানানো—যা রাজনৈতিক অধিকারের লঙ্ঘন।

বিবৃতিতে এনসিপি আরও জানায়, সাংবিধানিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা আইনের সীমার মধ্যেই প্রযোজ্য, এবং ধর্ম অবমাননা আইনত অপরাধ। সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা যদি আইনের লঙ্ঘন না করে, রাষ্ট্রের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা—এটিকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন বলে দাবি করে দলটি।

এনসিপি স্পষ্টভাবে জানায়, তারা কোনোভাবেই ধর্মের বিরুদ্ধে নয় এবং ইসলামবিদ্বেষ বা ধর্মবিদ্বেষের বিরুদ্ধে সর্বদা অবস্থান করে এসেছে। বরং পূর্ববর্তী সরকারের আমলে ইসলামবিদ্বেষ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল—যার বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে মূলধারার আলেম সমাজের শান্তিপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে দলটি বলে, ধর্ম নিয়ে উত্তেজনা ছড়ানো বা ভুল ব্যাখ্যা দেওয়া সমাজে অনিশ্চয়তা সৃষ্টি করে। আদালতে বিচার নিশ্চিত করাই ন্যায়বিচারের পথ, জনতার প্রতিশোধ নয়—এটিই ইসলামের শিক্ষা বলেও মন্তব্য করে এনসিপি।

বিবৃতির শেষাংশে দলটি বিভ্রান্তি ছড়ানো ও রাজনৈতিক অপপ্রচারের নিন্দা জানিয়ে শান্তি, ন্যায়, সম্প্রীতি এবং আইনের শাসনের রাজনীতিতে অটল থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।