শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি


আদালতের নির্দেশনা পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত অভিযোগ থাকলে আইন অনুযায়ী হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে।

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ 

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।

তিনি আরও বলেন, শপথের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি। সংসদ সচিবালয়ের প্রশাসন থেকে এ বিষয়ে কোনো চিঠিপত্রও পাওয়া যায়নি। তাই কবে, কখন শপথ অনুষ্ঠিত হবে- সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

১১ দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের বক্তব্য কমিশন শুনেছে। তারা কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইসি বলেন, গেজেট প্রকাশের সময় আরও আগে নির্ধারণ করা গেলে ভালো হতো। তবুও মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দক্ষতার সঙ্গে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন। তিনি জানান, ১১ দলীয় জোটের দাবিগুলো বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। নির্বাচন-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। আদালত যে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

একজন নির্বাচন কমিশনার হিসেবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে নিজের আস্থা ছিল বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আল্লাহর সহায়তায় একটি ভালো নির্বাচন সম্ভব হয়েছে।