শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, পাথওয়ে ও ইইউ পর্যবেক্ষকদের মতবিনিময়


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ চলছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ঢাকার একটি কেন্দ্রে নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, পাথওয়ে ও ইইউ পর্যবেক্ষকদের মতবিনিময়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত হন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলতে দেখা গেছে দেশের অধিকাংশ কেন্দ্রে।

এবারের নির্বাচনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। এর মধ্যে অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে, যারা সকাল থেকেই সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ঢাকা-১৬ আসনের পল্লবী সরকারি কলেজ কেন্দ্রে পাথওয়ের একটি পর্যবেক্ষক দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দুইজন নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ হয়। এ সময় তারা ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, ভোটার উপস্থিতি, শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী-পুরুষ ভোটারের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের মতে, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ, আবার কিছু কেন্দ্রে তা ৩২ থেকে ৩৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। তবে অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে তারা জানান।

পাথওয়ের পর্যবেক্ষকরাও নিজেদের পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে একমত পোষণ করেন। আলোচনার শেষে পারস্পরিক শুভকামনা বিনিময়ের মাধ্যমে তারা বিদায় নেন।

সার্বিকভাবে, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।