বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, নারীদের স্বাবলম্বিতা নিয়ে সাদিয়া আয়মানের ক্ষোভ


সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সাফল্য, স্বাধীনতা ও স্বাবলম্বী হয়ে ওঠাকে নেতিবাচকভাবে দেখার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘গোলাপি বাস’ সেবা নিয়ে অনলাইনে ট্রল ও কটূক্তির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

১৯ আগস্ট ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ 

‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, নারীদের স্বাবলম্বিতা নিয়ে সাদিয়া আয়মানের ক্ষোভ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘গোলাপি বাস’ সেবা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও ট্রলের ঘটনায় সরব হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তার মতে, সমস্যাটি বাসের রং, নাম কিংবা সেবাকে ঘিরে নয়; বরং সমাজের একটি অংশের সংকীর্ণ মানসিকতাই এর পেছনে দায়ী।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে সাদিয়া আয়মান বলেন, সফল, স্বাধীন ও স্বাবলম্বী নারীদের স্বাভাবিকভাবে মেনে নেওয়ার ক্ষেত্রে এখনো সমাজের একটি অংশের মধ্যে অনীহা রয়েছে। নারীরা নিজেদের অবস্থান তৈরি করতে চাইলে সেটিকে ইতিবাচকভাবে দেখার পরিবর্তে নানা ধরনের কটূক্তি ও বিদ্রূপ করা হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

‘গোলাপি বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে অভিনেত্রী বিষয়টিকে ‘কিউট ও পুকি’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, এই উদ্যোগকে হাসি-ঠাট্টার বিষয় হিসেবে না দেখে নারীদের কঠোর পরিশ্রম, উদ্যোগ ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে দেখা উচিত।

একই সঙ্গে গোলাপি বাস সেবার সঙ্গে যুক্ত নারী কর্মী, চালক, হেল্পার ও উদ্যোক্তাদের পরিশ্রমের প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন নিশ্চিত করতে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগকে উৎসাহ দেওয়া প্রয়োজন বলেও মনে করেন এই অভিনেত্রী।

সাদিয়া আয়মান তার অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক সমালোচনাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান। জনকল্যাণমূলক উদ্যোগকে অযথা বিদ্রূপ না করে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও বলেন তিনি। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অগ্রযাত্রা এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার পথে সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করে নারীবান্ধব উদ্যোগে সামাজিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

সম্প্রতি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিশেষ ‘গোলাপি বাস’ সেবা চালু করা হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ভোগান্তি কমানো এবং গণপরিবহনে হয়রানি ও নিরাপত্তাঝুঁকি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবায় নারী চালক, হেল্পার ও নারী ব্যবস্থাপনার পাশাপাশি নারী যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যোগটি সাধারণ যাত্রীদের অনেকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশে বাসের রং ও নাম নিয়ে ট্রল এবং কটূক্তি দেখা যায়।

নারীদের নিরাপদ যাতায়াত ও স্বাবলম্বী করে তোলার এমন উদ্যোগকে হেয় করার প্রবণতার বিরুদ্ধেই নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া আয়মান। তার বক্তব্যে মূলত উঠে এসেছে-নারীদের এগিয়ে যাওয়ার পথে সামাজিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা তৈরি করা এখনো গুরুত্বপূর্ণ একটি বিষয়।