শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা


গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভবনের চারপাশের সব প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ 

গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকেই ভবনটির চারপাশের সব প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সকাল থেকে নির্বাচন ভবনের আশপাশের অধিকাংশ সড়ক বন্ধ রাখা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোতায়েন রয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), জলকামান এবং ফায়ার সার্ভিসের ইউনিট। সশস্ত্র বাহিনীর সদস্যদেরও এলাকায় টহল দিতে দেখা গেছে।

নির্বাচন ভবনে প্রবেশের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সামনের একটি পথ খোলা রাখা হয়েছে। অন্য সব পথে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সীমিত আকারে পথচারীদের প্রবেশের সুযোগ থাকলেও প্রত্যেককে তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদ আব্দুস সালাম বলেন, “সব বাহিনীই মাঠে রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।” নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।