সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ভোটের দিনে দুই ঘণ্টা পরপর ভোটের সংখ্যা জানাতে নির্দেশ ইসির


গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রভিত্তিক এই তথ্য ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) এন্ট্রি করা হবে।

৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ 

ভোটের দিনে দুই ঘণ্টা পরপর ভোটের সংখ্যা জানাতে নির্দেশ ইসির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা অন্তর অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। এ লক্ষ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটরকে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস)-এ লগইন করে প্রতিটি কেন্দ্রের ভোটের সংখ্যা নির্ধারিত সময় অন্তর এন্ট্রি করতে হবে।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর তা যাচাই করে অনুমোদন দেবেন সহকারী রিটার্নিং অফিসার। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘কোপট (Kopot) ড্যাশবোর্ড’-এ এসব তথ্য দেখা যাবে।

নির্বাচন কমিশনের মতে, এই পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণের অগ্রগতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলবে।