শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ


নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য দেশে যথেষ্ট সহায়ক পরিবেশ বিদ্যমান। এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ 

নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো রয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, “নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ রয়েছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “নির্বাচনকে সহজ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। সব মিলিয়ে আমরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রস্তুত।”

রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, বড় দুই রাজনৈতিক দলের নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করছেন। তারা পোস্টার অপসারণ ও নির্বাচনী সফর বাতিল করেছেন, যা একটি ভালো বার্তা দেয়।

দলীয় প্রধানদের কটাক্ষমূলক বক্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “দেশে এখন ভোটযুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঠে প্রতিটি দলের প্রধান যে বক্তব্য দিচ্ছেন, তা তাদের নিজ নিজ রাজনৈতিক কৌশল। এটি তাদের রাজনৈতিক বিষয়। এখানে নির্বাচন কমিশনের বলার কিছু নেই। তবে আমরা আশা করি, সব পক্ষ শান্ত থেকে নির্বাচনের পরিবেশ বজায় রাখবে।”

এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান টিম এবং জেলার ছয়টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুর রহমানেল মাছউদ। এ সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এদিকে পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় পীরগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।

ইসি মাছউদ বলেন, “সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা ধরনের বার্তা বা গুজব ছড়াতে পারে। এ বিষয়ে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনাদের একটাই বার্তা- সুন্দর ভোট করা।”

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।