শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার জটিলতায় ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেবে ইসি


আসন্ন জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইন আবেদন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২৯ জানুয়ারী ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ 

সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার জটিলতায় ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেবে ইসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যু সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যুর ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন পদ্ধতিটি অনেকের জন্য ব্যবহারবান্ধব না হওয়ায় সাংবাদিকদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল।

ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ সচিব জানান, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, যেসব সাংবাদিক ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা এখনো অনলাইনে আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন। এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে অনলাইন পদ্ধতিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিতে সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন। এর পরিপ্রেক্ষিতেই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন আশা করছে, এ সিদ্ধান্তের ফলে সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচনি সংবাদ সংগ্রহ কার্যক্রম আরও নির্বিঘ্ন হবে।