বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নির্দেশনা ইসির


আগামী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও পরিবেশবান্ধবভাবে আয়োজনের লক্ষ্যে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার সচেতনতা বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানো, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগে নতুন বিধিনিষেধ আর একই নামের একাধিক প্রার্থীর পরিচয় স্পষ্ট করতে আলাদা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

৭ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ 

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নির্দেশনা ইসির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও একই নামের একাধিক প্রার্থীর পরিচয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে এবার ব্যানার তৈরিতে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করতে হবে। ব্যানার তৈরিতে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস-মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যানারগুলো রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্টে ৩ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা। ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ এবং ঝোলানোর হুক সংযুক্ত থাকতে হবে।

ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে কমিশন। কোনো উপজেলায় কর্মকর্তা সংকট দেখা দিলে পাশের বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে একযোগে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ইসি। নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট উপজেলায় প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা না পাওয়া গেলেই কেবল আন্তঃউপজেলা নিয়োগ কার্যকর করা যাবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও অবস্থান বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ প্যানেল তৈরির ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।

একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম হুবহু হলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রার্থীর নামের সঙ্গে বাবা, মা অথবা স্বামীর নাম যুক্ত করে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনে বরাদ্দ করা প্রতীকের ক্রমানুসারেও নাম সাজানো হবে। ইসি জানিয়েছে, একই নামে একাধিক প্রার্থী থাকলে ব্যালট ছাপানো ও ভোটারদের সঠিক প্রার্থী শনাক্তে জটিলতা তৈরি হয়। স্বচ্ছতা বজায় রাখতে বিধিমালা অনুযায়ী এ ব্যাখ্যামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে জনস্বার্থ বিবেচনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কর্মসূচি দুটি হলো- ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি)। তবে নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখতে এসব কর্মসূচি স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

ইসি জানিয়েছে, নির্বাচনি তফসিল ঘোষণার পর সামাজিক সুরক্ষা কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাবের আশঙ্কা থাকে। সে কারণে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের মাধ্যমে এসব কর্মসূচি পরিচালনার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়েছে।