ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, কর্মসূচি পালন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
১৯৯৮ সালের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র "হঠাৎ বৃষ্টি" এবার নতুন রূপে বড় পর্দায় ফিরছে। মূল গল্পের আবহ অক্ষুণ্ন রেখে নির্মিত নতুন সংস্করণের নাম "আবার হঠাৎ বৃষ্টি"। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন।
কামরুজ্জামান পরিচালিত ছবিটি আগামী ২ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বসু চ্যাটার্জি পরিচালিত মূল "হঠাৎ বৃষ্টি" ১৯৯৮ সালে ঈদুল আজহায় চ্যানেল আই-এ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের সামনে আসে। পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ওই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।
নতুন "আবার হঠাৎ বৃষ্টি"-তে মূল ছবির গল্প অক্ষুণ্ন রাখা হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে দেওয়া হয়েছে লোকেশন, পরিবেশ ও উপস্থাপনার ধরন। নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটির নির্মাণ ও দৃশ্যায়নে আনা হয়েছে এসব পরিবর্তন।
রিমেকটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান বলেন, দর্শকের ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকা একটি চলচ্চিত্র নতুন করে নির্মাণ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সমসাময়িক দর্শকদের রুচি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ছবিটি নির্মাণ করা হয়েছে। তবে মূল গল্পের স্বকীয়তা বজায় রাখা হয়েছে।
মূল "হঠাৎ বৃষ্টি"-তে ফেরদৌস আহমেদের অভিনীত চরিত্রে এবার দেখা যাবে আরিয়ান সারোয়ারকে। নিজের চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে আরিয়ান জানান, শুটিংয়ের আগে তিনি মূল ছবিটি বেশ কয়েকবার দেখেছেন। ফেরদৌসের অভিনয় থেকে অনুপ্রেরণা নিলেও তাকে অনুকরণ করার চেষ্টা করেননি। বরং পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মতো করে চরিত্রটি উপস্থাপনের চেষ্টা করেছেন।
অন্যদিকে, নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন। মূল ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী।
"আবার হঠাৎ বৃষ্টি"-র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী সহ আরও অনেকে।
উল্লেখ্য, মূল "হঠাৎ বৃষ্টি" বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল। এবার নতুন সংস্করণে আশীর্বাদ চলচ্চিত্রের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।