শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ওসমান হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

২২ ডিসেম্বর ২০২৫, ৩:১১ অপরাহ্ণ 

ওসমান হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব দাবি উত্থাপন করেন।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে। ওসমান হাদির রক্ত ঝরেছে, অথচ যদি আমরা খুনিদের বিচার দেখতে না পাই- তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারের থাকার কোনো প্রয়োজন নেই। গতকালের সরকারি বিবৃতিই প্রমাণ করে, ওসমান হাদী হত্যার নেপথ্যে কারা সে বিষয়ে সরকারের কাছে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এ সময় তিনি স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বলেন, গুরুত্বপূর্ণ ঘটনায় সরকার বারবার দায় এড়িয়ে যাচ্ছে। হাদী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

টাইম ফ্রেম প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে বৈঠক করেছেন। সেই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ আশা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়ে রাষ্ট্র স্পষ্ট সিদ্ধান্ত জানাবে।

সমাবেশ শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রকে জনগণের সামনে এসে জানাতে হবে- ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথে থাকবে এবং হাদির রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না।