শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: খুনিকে জীবিত গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের


শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত খুনিকে জীবিত গ্রেফতারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি স্পষ্ট করে বলেছে, তারা কোনো ‘বন্দুকযুদ্ধের নাটক’ দেখতে চায় না।

২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ 

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: খুনিকে জীবিত গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিকে দ্রুত জীবিত গ্রেফতারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনটির ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। পোস্টে বলা হয়, হত্যাকারীকে আইনের আওতায় এনে স্বচ্ছ বিচারের মুখোমুখি করতে হবে এবং কোনো ধরনের বন্দুকযুদ্ধের নামে নাটক মেনে নেওয়া হবে না।

এর আগে, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার আদালত এই আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের উৎস ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।