শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা


জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যোদ্ধা ওসমান শরীফ হাদির জানাজায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হাদিকে বিদায় জানাতে নয়- তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করতেই আজ সবাই একত্র হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, হাদি ততদিন এ জাতির বুকের ভেতর জীবিত থাকবে।

২০ ডিসেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ণ 

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির জানাজায় অংশ নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তিনি বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আমরা আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির হৃদয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা বলেন, আজ শুধু এই প্রাঙ্গণেই নয় -সারা দেশ থেকে ঢেউয়ের মতো মানুষ এখানে ছুটে এসেছে। কোটি কোটি মানুষ এই মুহূর্তের দিকে তাকিয়ে আছে। এমনকি বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়। তিনি বলেন, “আজ আমরা হাদির কাছে ওয়াদা করতে এসেছি। তিনি যা বলে গেছেন, যা স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের ওয়াদা করতেই আমরা এখানে।”

ড. ইউনূস বলেন, এই ওয়াদা শুধু আজকের প্রজন্মের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের প্রতিটি মানুষ এই দায়িত্ব বহন করবে। হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে মিশে যাওয়ার ভঙ্গি, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবকিছুই আমাদের জন্য অনুকরণীয়। “এই গুণগুলো আমরা প্রাণে গ্রহণ করছি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই,” বলেন তিনি।

নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, হাদি শুধু নির্বাচনে অংশ নিতে চাননি, বরং নির্বাচন কীভাবে শালীন ও মানবিকভাবে করতে হয়- তার বাস্তব দৃষ্টান্ত রেখে গেছেন। কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে কাউকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে হয়, কীভাবে বিনীতভাবে রাজনীতি চর্চা করতে হয়- সবকিছুই তিনি শিখিয়ে গেছেন। শেষে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি তুমি হারিয়ে যাবে না। যুগ যুগ ধরে তুমি আমাদের সঙ্গে থাকবে। আজ আমরা তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা প্রতিজ্ঞা করছি- তোমার আদর্শ স্মরণ রেখেই আমরা জাতির অগ্রগতির পথে মাথা উঁচু করে এগিয়ে যাব।”