শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করি না: পররাষ্ট্র উপদেষ্টা


বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে-এ বিষয়ে ভারতের কোনো ধরনের পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়।

১৭ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ 

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করি না: পররাষ্ট্র উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো ধরনের পরামর্শ প্রত্যাশা করা হয় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও অভ্যন্তরীণ নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে কোনো বিদেশি মন্তব্য বা পরামর্শ গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের পরামর্শ আমরা চাই না।’

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি ভারত থেকে যে ধরনের মন্তব্য এসেছে, তা অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় মনে করে না।
‘এখন আমরা একটি ভালো, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছি। ঠিক এই সময়ে হঠাৎ করে পরামর্শ আসা আমি পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করি,’ বলেন তিনি।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, ওই সময় দেশে একাধিক প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও ভারত সে বিষয়ে নীরব ছিল।‘সে সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হলেও ভারত কোনো উদ্বেগ প্রকাশ করেনি,’ উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এমন একটি পরিবেশ তৈরির অঙ্গীকার করে আসছে, যেখানে নাগরিকরা মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন , যে পরিবেশ গত ১৫ বছরে অনুপস্থিত ছিল।তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়ে বাংলাদেশ সম্পূর্ণ সচেতন। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে এটাই আমাদের অঙ্গীকার।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কোনো দেশের পরামর্শ বা চাপের প্রয়োজন নেই।