শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা


গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে উন্নত চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

১৫ ডিসেম্বর ২০২৫, ২:০১ অপরাহ্ণ 

শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব অর্থ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।অর্থ উপদেষ্টা বলেন, “বিদেশে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে কোনো সমস্যা নেই।”তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং সামনে আরও স্থিতিশীল হবে। নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজগুলো অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করেছে, এখন প্রয়োজন সেগুলোর সঠিক বাস্তবায়ন।

নির্বাচনি ব্যয় প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনি বাজেট স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকবে না।”
তিনি জানান, নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠায়নি, তবে চাহিদা পাওয়া মাত্রই বরাদ্দ নিশ্চিত করা হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে। সামনে এটি আরও কঠোর করা হবে।”

অর্থনীতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “ম্যাক্রো অর্থনীতির অবস্থা সন্তোষজনক। তবে মাইক্রো লেভেলে কিছু খাতে এখনও দুর্বলতা রয়েছে। পৃথিবীর কোনো দেশেই সব সেক্টর একসঙ্গে ভালো চলে না- এটা বাস্তবসম্মত নয়।”এর আগে রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।