শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচন বানচালের শক্তি কারও নেই: প্রেস সচিব শফিকুল আলম


বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। যারা আইনশৃঙ্খলা ভঙ্গ বা সহিংসতা সৃষ্টি করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

১২ ডিসেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ 

নির্বাচন বানচালের শক্তি কারও নেই: প্রেস সচিব শফিকুল আলম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসুক ও আশাবাদী- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। এই নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই।"
তিনি আরও বলেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি অনৈতিক দাবি বা অযৌক্তিক চাপ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করলেও সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে তিনি সতর্ক করেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা বলেছিলো শান্তিপূর্ণ আন্দোলন করবে, কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করতে নেমেছে।”
তিনি অভিযোগ করেন, অতীতে বহু হত্যাকাণ্ডের পর নীরবতা দেখে আওয়ামী লীগ ভেবেছিলো জনগণ আবারও চুপ থাকবে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, এবং তাদের নিজের কার্যক্রমের কারণেই তারা রাজনৈতিকভাবে নিজেদের বাইরে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সরকার ও প্রশাসনের অবস্থান স্পষ্ট করছেন সংশ্লিষ্টরা। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।