মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর দেশের দূরপাল্লা ও মহানগরসহ শহরাঞ্চলের বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিআরটিএ দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

২২ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ 

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ মহানগর ও জেলা পর্যায়ের বাসেও এ হারে ভাড়া বাড়বে।

মঙ্গলবার সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, ‘মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা -সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।’ তিনি আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও সেটি জনগণের ওপর বাড়তি চাপ। সিদ্ধান্ত হওয়ার আগেই কোনো পরিবহন মালিক ভাড়া বাড়িয়ে দিলে মালিক সমিতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রশাসনিক ও সমিতিগত- দুইভাবেই বিষয়টি দেখা হবে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা ছিল।

অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে বিভিন্ন রুটে অনেক নন-এসি বাসের আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়। নতুন করে কিলোমিটার প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।