৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ
৩ আগস্ট ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণক নিরীক্ষা এবং প্রক্রিয়াগত জটিলতা দূর করতে কাজ করবে এই কমিটি।
রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার লক্ষ্যে আবেদনের সঙ্গে জমা দেওয়া প্রমাণক যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এনআইডিতে কী ধরনের তথ্য পরিবর্তনের আবেদন আসে, সেগুলোর শ্রেণিকরণ করতে হবে এবং প্রতিটি ধরনের সংশোধনের জন্য কী কী প্রমাণপত্র প্রয়োজন, তার একটি তালিকা প্রস্তুত করতে হবে।
এ ছাড়া, ‘ঘ’ ক্যাটাগরির আওতায় প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল হওয়া এবং পরে পুনরায় জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণপত্র দাখিল হলে কীভাবে সেগুলো নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি। দ্রুত আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, আবেদন ইলেকট্রনিকভাবে নিষ্পত্তির সময় সৃষ্ট জটিলতা দূর করতে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ এবং এনআইডি লক, আনলক ও রোলব্যাক সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণেও মতামত দেবে কমিটি।
নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।