রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানী থেকে ফিটনেসবিহীন ও দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর


রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত হর্ন ব্যবহার রোধ এবং রাজধানীতে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা সম্প্রসারণেরও নির্দেশ দেন তিনি।

১৮ জুলাই ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ 

রাজধানী থেকে ফিটনেসবিহীন ও দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামি বিষয়টি সাংবাদিকদের জানান।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়ে শব্দদূষণ কমানোর উপায়ও পর্যালোচনা করা হয়। এ ছাড়া রাজধানীর যানজট নিরসনে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় রাজধানীতে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বায়ু ও শব্দদূষণ কমাতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে সভায় আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।