রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কর্ণফুলী নদীতে বাড়ছে পানিপ্রবাহ ,কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট খুলে দেওয়া হয়েছে


কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

১৮ জুলাই ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ 

কর্ণফুলী নদীতে বাড়ছে পানিপ্রবাহ ,কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট খুলে দেওয়া হয়েছে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টায় কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিপৎসীমায় পৌঁছানোর আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেট খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত স্পিলওয়ের গেট ছয় ইঞ্চি করে খোলা হয়েছে। ভবিষ্যতে ইনফ্লো আরও বাড়লে পর্যায়ক্রমে গেট আরও খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে স্পিলওয়ে খুলে দেওয়ার পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।