অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
৮ জুলাই ২০২৬, ২:১১ অপরাহ্ণ
বুধবার রাজধানীর একটি স্থানীয় হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও সার্বিক নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সাথে আয়োজিত এক সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তিনি বলেন, "জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে সামনে রেখেই স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে। ইসির নিজস্ব দক্ষতা এবং বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রস্তাবিত সুপারিশগুলো যদি আমরা ভালোভাবে আমলে নিতে পারি, তবে সামনের দিনগুলোতে নির্বাচন ব্যবস্থায় চমৎকার কিছু করা সম্ভব।"
নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে, বিভিন্ন দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয় জানিয়ে তিনি বলেন, “সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে। এছাড়া বিগত নির্বাচন-পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন করেছে কমিশন।”
উক্ত সংলাপে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার টেকসই উন্নয়নে ইইউর ধারাবাহিক সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের নির্বাচনে নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতের দিনগুলোতেও নির্বাচন কমিশনের সাথে যৌথভাবে কাজ করতে অত্যন্ত আগ্রহী।