বুধবার, ১০ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত, শুনানি ১৬ জুন


সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। একই সঙ্গে আগামী ১৬ জুন এই আপিল আবেদনের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত, শুনানি ১৬ জুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৯ জুন) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। একই সঙ্গে আদালত আগামী ১৬ জুন আপিল আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন এবং এই সময়ের মধ্যে বিবাদী পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত তিন মাসের মধ্যে একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।

একই সঙ্গে ওই রায়ে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়েছিল। হাইকোর্টের এই রায় প্রকাশের পর এর কার্যকারিতা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আজ সেই আবেদনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ দেন।