২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
২০ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খাল ও নদীর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। তাই দুর্যোগ মোকাবেলায় এখন থেকেই কার্যকর প্রস্তুতি নিতে হবে।
বুধবার গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ যে পরিমাণ পানি নিচ থেকে উত্তোলন করা হয়েছে, তা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে। তিনি জানান, খাল ও নদী খনন করে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি ছড়িয়ে দেওয়া হলেও আগামী ২০ বছরেও পুরোপুরি রিচার্জ সম্ভব হবে না। তিনি আরও বলেন, “ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারাজ প্রকল্পেও হাত দেবে।”
জনসংখ্যা বৃদ্ধির কারণে বাড়ি-ঘর, স্কুল-কলেজ ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কৃষি ও খাদ্য উৎপাদনের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক।
অনুষ্ঠান শেষে গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।