শুক্রবার, ১ মে, ২০২৬

শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর উদ্যোগ: তারেক রহমান


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কল-কারখানা চালুর নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সব কারখানা চালু করা হবে, যাতে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হয়।
শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর উদ্যোগ: তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বন্ধ থাকা কল-কারখানা চালুর নির্দেশনা দিয়েছে। পর্যায়ক্রমে সব কারখানা চালু করা হবে, যাতে শ্রমিকরা কাজের সুযোগ পান এবং তাদের জীবনমান উন্নত হয়।

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।” তিনি অভিযোগ করেন, অতীতে স্বৈরাচার সরকারগুলো শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের পরিবারের সুরক্ষার জন্য তাদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর কাজও চলছে। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, কিন্তু তারা সঠিক সময়ে প্রয়োজনীয় পানি পায় না। এই সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, “কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের সামগ্রিক অবস্থার উন্নয়ন সম্ভব।”

সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।