শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর


আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি ও জনজীবনের স্থিতিশীলতা বজায় রাখতেও জোর দিয়েছেন তিনি।

১৭ মার্চ ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ 

ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, ঈদের ছুটির সময় যাতে কোথাও আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে মন্ত্রীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বৈঠকে নারী নির্যাতন ও ধর্ষণের মামলাগুলোও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভাগগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

এছাড়া সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত মূল্যায়নের জন্য কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।