শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ: তারেক রহমান


উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে এবং ঈদের পর তাদের নিয়ে বৈঠক করা হবে। এতে কৃষকদের সন্তানদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

১৬ মার্চ ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ 

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ: তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে এবং ঈদের পর তাদের নিয়ে বৈঠক করা হবে। এতে কৃষকদের সন্তানদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সারাদেশে ৪ কোটি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। সেখানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। তবুও সরকার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী মাস থেকে ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্য কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া সবসময় কৃষকদের পাশে ছিলেন এবং বর্তমান সরকারও কৃষকদের বন্ধু হিসেবে কাজ করছে। সাহাপাড়া খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক উপকৃত হবেন। এই খাল থেকে পানি নিয়ে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ এর সুবিধা পাবেন। এর ফলে বছরে অতিরিক্ত প্রায় ৬০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া খালের দুই পাশে রাস্তা নির্মাণ ও ১০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। কাজ শেষ হলে আবার এলাকা পরিদর্শনে আসবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। কৃষি টিকে থাকলে কৃষক টিকে থাকবে এবং দেশও এগিয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন খাল ও নদী খনন না হওয়ায় সেগুলো ভরাট হয়ে গেছে, ফলে বর্ষাকালে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না এবং শুষ্ক মৌসুমে কৃষকরা পানির সংকটে পড়ছেন।  বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা বিদেশ থেকে আমদানি করে পূরণ করা সম্ভব নয়। তাই পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে আরও শক্তিশালী করতে হবে।

পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এমন শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জনগণের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া সরকারের পক্ষে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্যরা।