পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ মার্চ ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য আয়োজিত শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় রীতি-নীতি ও কনভেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতান্ত্রিক চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম ও অনুশীলন নিয়েও আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, “আমরা আশা করি ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। মানুষ বলবে- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দিতে চাই।”
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা নতুনভাবে তাদের যাত্রা শুরু করবেন। ভালোভাবে শিখতে পারলে তাদের মধ্যে কোনো খারাপ সংস্কৃতি গড়ে উঠবে না। তিনি বলেন, “একটি শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও আমরা প্রস্তুত করার চেষ্টা করছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন সংসদ সদস্যরা যেন জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ সম্পর্কে ধারণা দিতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার শেষ দিনের কার্যক্রম শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকালের অধিবেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের অধিবেশনে অংশ নেবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন।