চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
প্রকাশকদের দাবির পরও ২০২৬ সালের অমর একুশে বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলা একাডেমি। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই মেলা শুরু হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সামগ্রিক বাস্তবতা বিবেচনায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু হবে। ইতোমধ্যে মেলা আয়োজনের প্রায় ৬০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্টল নির্মাণসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। তিনি আরও জানান, এবার দর্শনার্থীদের সুবিধার্থে মেলার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। মেলা প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সাধারণ প্রকাশকদের একটি বড় অংশ বইমেলা পেছানোর দাবি জানায়। প্রকাশকদের যুক্তি ছিল, ফেব্রুয়ারি মাসজুড়ে রমজান এবং সামনে ঈদ থাকায় মানুষের ব্যয় ও মনোযোগ প্রধানত খাদ্য ও পোশাকের দিকে থাকবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকার বাইরে অবস্থান করবে, ফলে মেলা ‘পাঠকশূন্য’ হওয়ার পাশাপাশি প্রকাশকদের জন্য বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে তারা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের জোর দাবি তুলেছিলেন।
তবে বাংলা একাডেমি সূত্রে জানানো হয়েছে, এপ্রিল মাসে বইমেলা আয়োজন করলে তীব্র তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে, যা খোলা জায়গায় মাসব্যাপী মেলার জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মেলার প্রস্তুতির কাজ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করায় সময়সূচি পরিবর্তনের সুযোগ নেই।
এসব দিক বিবেচনায় নিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলার নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।