শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর তাণ্ডব: যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল


শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ছুটির মৌসুমে ভয়াবহ ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ 

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর তাণ্ডব: যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে। ছুটির মৌসুমে এ ধরনের ফ্লাইট বিপর্যয়ে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। খবর আল জাজিরার।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিংবা যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। উল্লেখ্য, ফ্লাইটঅ্যাওয়ার বিশ্বের সবচেয়ে বড় ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, শীতকালীন ঝড় ডেভিনের কারণে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত শুক্রবার ৪ কোটির বেশি মার্কিন নাগরিক শীতকালীন ঝড়সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় তথাকথিত ‘অ্যাটমোসফেরিক রিভার’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে প্রায় ৩ কোটি মানুষ বন্যা বা ঝড়সংক্রান্ত সতর্কতার মধ্যে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে শুক্রবার রাতেই সর্বোচ্চ ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি পর্যন্ত) তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হয়, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ হতে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সে সময় কানাডা থেকে একটি প্রবল আর্কটিক শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের বিষয়ে আগেই সতর্ক করেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, মোট বাতিল ও বিলম্বিত ফ্লাইটের অর্ধেকেরও বেশি ঘটনা ঘটেছে এই তিনটি বিমানবন্দরে।

বিমান সংস্থাগুলোর মধ্যে জেটব্লু এয়ারওয়েজ শুক্রবার সবচেয়ে বেশি ২২৫টি ফ্লাইট বাতিল করেছে। এর পরেই রয়েছে ডেল্টা এয়ার লাইনস- ২১২টি ফ্লাইট।

এ ছাড়া রিপাবলিক এয়ারওয়েজ বাতিল করেছে ১৫৭টি, আমেরিকান এয়ারলাইন্স ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৭টি ফ্লাইট।