শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানিদের ভিসা স্থগিত করল আরব আমিরাত


ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত, তবে কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ 

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানিদের ভিসা স্থগিত করল আরব আমিরাত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ইউএই কর্তৃপক্ষ। বর্তমানে কেবল কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী পাকিস্তানিরাই আমিরাতের ভিসা পাচ্ছেন, তবে সাধারণ নাগরিকদের আবেদন গ্রহণ করা হচ্ছে না।

পাকিস্তানের সিনেটের মানবাধিকার কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন হলে কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও স্বীকার করেন যে বিপুল সংখ্যক পাকিস্তানি ভিসার আবেদন করেও ব্যর্থ হচ্ছেন। যারা ভিসা পাচ্ছেন, তাদেরকেও নানা ঝামেলা পোহাতে হচ্ছে বলে তিনি জানান।

বৈদেশিক কর্মসংস্থান উদ্যোক্তা আসিম বেগ বলেন, গত কয়েক বছর ধরে আমিরাতে পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ বাড়ছে। এই প্রবণতা নিয়ন্ত্রণ করতেই ভিসা ইস্যু স্থগিত করা হয়ে থাকতে পারে।

এর আগে পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত। যদিও ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের এক জ্যেষ্ঠ কূটনীতিক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন— পাকিস্তানিদের ভিসার ওপর আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নেই।

পাকিস্তান ও ইউএই দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক অংশীদার। আমিরাত পাকিস্তানি অভিবাসীদের অন্যতম প্রধান কর্মক্ষেত্র ও রেমিট্যান্সের একটি বড় উৎস। প্রতিবছর গড়ে ৮ লাখেরও বেশি পাকিস্তানি ইসলামাবাদে আমিরাতের দূতাবাসে বিভিন্ন ধরনের ভিসার আবেদন করেন।