রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের


সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে হামলার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ 

সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হুথিদের দাবি, শনিবার (৩ অক্টোবর) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলার পর আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাদের হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। তিনি বলেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি আরবের চালানো বিমান হামলার জবাব হিসেবেই এসব হামলা করা হয়েছে।

ইয়াহিয়া সারির আরও দাবি, গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে সৌদি সরকারের পক্ষ থেকে হুথিদের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও লক্ষ্যবস্তুতে আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।