বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর কেউ বাঁচেননি


জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছাকাছি মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে চার যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন।

১ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ 

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর কেউ বাঁচেননি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মারোন্দেরা জেলার ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটিতে চার যাত্রীর পাশাপাশি দুই ক্রু সদস্য ছিলেন।

দেশটির সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন। তবে দুর্ঘটনায় নিহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় হেলিকপ্টারটির কোনো আরোহীই বেঁচে নেই।

দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় ও হেলিকপ্টারটির গন্তব্যসহ অন্যান্য তথ্য পরে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ