শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি প্রবাসী


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ জন বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুক্রবার সকালে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

২০ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ণ 

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি প্রবাসী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ জন বাংলাদেশি প্রবাসী। শুক্রবার (২০ মার্চ) সকালে বাহরাইনের রাজধানী মানামা থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট শুক্রবার সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে রওনা হয়। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এই বিশেষ ফ্লাইটে যাত্রা করা প্রবাসীদের বিদায় জানাতে এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। এ সময় তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। রাষ্ট্রদূত যাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করেন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফ্লাইটের ব্যবস্থা করায় গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

দূতাবাস সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর পর অনেক বাংলাদেশি প্রবাসী নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করছেন। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যেসব প্রবাসী জরুরি প্রয়োজন বা নিরাপত্তা বিবেচনায় দ্রুত দেশে ফিরতে চেয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ ফ্লাইটে আসনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হতে পারে।