মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, আহত বাংলাদেশি কর্মী


কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় টার্মিনাল-১ এ সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, আহত বাংলাদেশি কর্মী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত-এর প্রধান বিমানবন্দর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এ একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি বিমানবন্দরের টার্মিনাল-১ এলাকাকে লক্ষ্য করে আঘাত হানে। এতে অবকাঠামোর সামান্য ক্ষতি হলেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো গেছে।

কর্তৃপক্ষ জানায়, হামলার পরপরই জরুরি প্রক্রিয়া কার্যকর করা হয় এবং পুরো এলাকা দ্রুত নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, প্রয়োজনীয় মেরামত এবং স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের কাজ চলছে। এই হামলায় কয়েকজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। দূতাবাস প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেছেন, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

সবশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হামলা সংক্রান্ত নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।