শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত


ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র- এমন অভিযোগের পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ 

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানইসরায়েলযুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। শনিবার ভোরে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর ইরানের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

ইরানের রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সঙ্গে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে সাইবার হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে। এর জবাবে ইসরায়েলের দিকে পাল্টা মিসাইল নিক্ষেপ করছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে তেহরান।

বিশেষ করে রিয়াদ, কুয়েত সিটি, মানামা, আবুধাবি এবং আল উদেইদ এয়ার বেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরান। এসব এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর এক মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরে বিস্তারিত জানানো হবে।”

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, চলমান সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশগুলো।