শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ১০


নরসিংদীতে কেন্দ্রস্থল; আরমানিটোলায় ৮ তলা ভবনের দেয়াল খসে পড়ায় প্রাণহানি। ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

২১ নভেম্বর ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ 

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ১০
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পে তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মিটফোর্ড হাসপাতালের এএসআই জাকারিয়া হোসেন নয়ন জানান, আহত অবস্থায় হাসপাতালে আনা ১৩ জনের মধ্যে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ১০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আট তলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে। ওই সময় নিচে থাকা একটি গরুর মাংসের দোকানের ক্রেতা ও পথচারীরা এতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যান।

ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। কিছু ভবন সামান্য হেলে পড়ায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে মাঠে নামে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

অপরদিকে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।