শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিশ্বের তৃতীয় দূষিত শহর এখন ঢাকা - একিউআই স্কোর ২৬০!


জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। সোমবার সকালে আইকিউএয়ারের তথ্যমতে, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। একিউআই সূচকে ঢাকার স্কোর ২৬০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

১০ নভেম্বর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ 

বিশ্বের তৃতীয় দূষিত শহর এখন ঢাকা - একিউআই স্কোর ২৬০!
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন ও শিল্পপ্রবাহের কারণে বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণ। এর প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজধানী ঢাকাও। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতি হলেও আবারও দূষণ বেড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়—ঢাকার একিউআই (AQI) স্কোর দাঁড়িয়েছে ২৬০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ (Very Unhealthy) হিসেবে চিহ্নিত।

একই সময়ে ভারতের দিল্লি ৫৬৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর এবং পাকিস্তানের লাহোর ৩২৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আইকিউএয়ার মানদণ্ড অনুযায়ী—

০–৫০: ভালো

৫১–১০০: মাঝারি

১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

১৫১–২০০: অস্বাস্থ্যকর

২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর

৩০১–৪০০+: ঝুঁকিপূর্ণ

এই সূচকে ঢাকার বর্তমান বায়ুমান নাগরিকদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যান। এ দূষণ থেকে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বহুগুণে বাড়ে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, টেকসই নগর পরিকল্পনা, যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ, এবং নির্মাণস্থলে ধুলা নিয়ন্ত্রণে না আনলে ঢাকার বায়ুমান আরও নাজুক হয়ে পড়বে।