শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
তারকাদের চমক •

দীর্ঘ বিরতি শেষে পর্দায় শাহরুখ-কারিনা, প্রকাশ পেল "ড্যাডি কুল"


১৫ বছর পর 'কিং' সিনেমার "ড্যাডি কুল" গানে আবারও একসঙ্গে দেখা গেল শাহরুখ খান ও কারিনা কাপুরকে। দুজনের নাচ ও রসায়নে ফিরেছে "ছাম্মাক ছালো"র স্মৃতি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখকন্যা সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে। মুক্তির তারিখ ২৪ ডিসেম্বর।

২৮ নভেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ 

দীর্ঘ বিরতি শেষে পর্দায় শাহরুখ-কারিনা, প্রকাশ পেল "ড্যাডি কুল"
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দীর্ঘ দেড় দশকের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। আসন্ন সিনেমা 'কিং'-এর নতুন গান "ড্যাডি কুল" প্রকাশের পর থেকেই দুই তারকার রসায়ন নিয়ে উচ্ছ্বসিত দর্শক। গানটির দৃশ্য ও নাচে অনেকের মনেই ফিরে এসেছে তাদের জনপ্রিয় গান "ছাম্মাক ছালো"র স্মৃতি।

প্রকাশিত গানটির শুরুতে ডিস্কো আবহে দেখা যায় শাহরুখ খানকে। কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে নাচের মঞ্চে যোগ দেন কারিনা। দুজনের প্রাণবন্ত নাচ, সাবলীল উপস্থিতি এবং পর্দার রসায়ন গানটিকে দিয়েছে বাড়তি আকর্ষণ। শাহরুখের লবণ-মরিচ রঙের চুলে আভিজাত্যপূর্ণ লুকের বিপরীতে লাল পোশাকে নজর কেড়েছেন কারিনা।

১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় ডিস্কো গান "ড্যাডি কুল"-এর নতুন বলিউড সংস্করণ এটি। গানটির সংগীতায়োজন করেছেন শাচীন-জিগার। হিন্দি গানের কথা লিখেছেন কুমার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিলপা রাও। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন শাহরুখ। কারিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, বেবোর সঙ্গে আবারও। গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ। উল্লেখ্য, বেবো নামেই পরিচিত কারিনা কাপুর।

এর আগে "আশোকা" (২০০১), "কাভি খুশি কাভি গাম" (২০০১) এবং "রা.ওয়ান" (২০১১) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা। বিশেষ করে "রা.ওয়ান"-এর "ছাম্মাক ছালো" গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই সিনেমার পর দীর্ঘ ১৫ বছর বড় পর্দায় জুটি হিসেবে দেখা যায়নি শাহরুখ-কারিনাকে। তাই 'কিং' সিনেমায় তাদের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহও বেশ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' সিনেমায় শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘাব জুয়াল। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে বহুল আলোচিত এই সিনেমাটির।