গ্রেফতার অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
ছোটপর্দায় অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে তৈরি করেছেন আলাদা পরিচিতি। তাঁর অভিনয়যাত্রা ও জনপ্রিয়তার কারণে অনেকেই তাঁকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে তুলনা করেন। তবে এই তুলনাকে কীভাবে দেখেন তটিনী?
সম্প্রতি "ফিরে আসার গল্প" নাটকের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী। তাঁর মতে, মেহজাবীনের মতো একজন গুণী শিল্পীর সঙ্গে তুলনা হওয়াটা আনন্দের। তবে প্রত্যেক শিল্পীর নিজস্ব পরিচয় ও অবস্থান রয়েছে। তাই অন্য কারও জায়গা দখল করার চিন্তা করেন না তিনি।
তটিনী জানান, প্রায়ই তাঁকে শুনতে হয়, তিনি নাকি মেহজাবীনের মতো কিংবা তাঁর পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন। বিষয়টি তাঁর ভালো লাগে। কারণ, একজন অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে তুলনা তাঁকে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে আরও সচেতন হতে অনুপ্রাণিত করে।
তবে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ওপরই গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, প্রত্যেক শিল্পীর পথচলা আলাদা। কাউকে অনুসরণ করে অনুপ্রাণিত হওয়া যায়, কিন্তু তাঁর জায়গায় নিজেকে কল্পনা করা কিংবা নিজের সঙ্গে অন্যের তুলনা করাটা ঠিক নয়। মেহজাবীনকে তিনি একজন গুণী ও সম্মানিত অভিনয়শিল্পী হিসেবেই দেখেন।
তটিনীর মতে, বর্তমান ও পরবর্তী প্রজন্মের অভিনয় শিল্পীদের জন্য মেহজাবীন একটি অনুকরণীয় উদাহরণ। ক্যারিয়ারে তাঁর ধারাবাহিক অগ্রগতি, কাজের প্রতি নিষ্ঠা, পরিশ্রম এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নতুনদের অনেক কিছু শেখার রয়েছে।
অভিনয়ে আসার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তটিনী আরও জানান, তখন অনেকেই তাঁকে মেহজাবীনের কাজ অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন। শুধু অভিনয় কিংবা ক্যারিয়ার নয়, ব্যক্তিজীবনে তাঁর আচরণ ও ব্যক্তিত্ব থেকেও শেখার কথা বলেছিলেন তাঁরা। তটিনীর বিশ্বাস, সিনিয়র শিল্পীদের অভিজ্ঞতা নতুনদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
এদিকে বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক "ফিরে আসার গল্প" নিয়ে ব্যস্ত সময় পার করছেন তটিনী। এতে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন এই চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটিই এখন দেখার অপেক্ষা।