শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার


রাজবাড়ীতে ডিবি পুলিশের  অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাজবাড়ীর পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক উদ্ধার ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত সোমবার (২১ জুলাই) গোয়ালন্দঘাট ও সদর থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি সন্ধ্যা ৭ টার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  হোসেন মন্ডল পাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় উত্তর দৌলতদিয়া উম্বার কাজী পাড়া এলাকার মৃত হযরত আলী মন্ডলের ছেলে মোঃ লোকমান মন্ডল (৩৮) এর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাত পৌনে ৮ টার সময় রাজবাড়ী সদর থানার কাজীবাধা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। সেখানে কাজীবাধা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবায়েত হোসেন (৩০)এর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ।

অভিযান বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন,"মাদকের বিরুদ্ধে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই দুটি অভিযান তারই অংশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

রাজবাড়ী জেলায় মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।