বুধবার, ১০ জুন, ২০২৬

দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে মুরগির ট্রাকের ধাক্কা: চালক-হেলপারসহ নিহত ৪


টাঙ্গাইলের সখীপুরে একটি দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের চালক, হেলপার ও যাত্রী ছিলেন।

৯ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ 

দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে মুরগির ট্রাকের ধাক্কা: চালক-হেলপারসহ নিহত ৪
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন-জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে ও ট্রাকচালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের আরোহী ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহত জহিরুল ইসলাম (৪০) ঘাটাইল উপজেলার লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে। তিনি বাঁশের গাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মুরগির ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া গুরুতর আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনরা থানায় পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো হস্তান্তর করা হবে। দুর্ঘটনার শিকার ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে।