শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ওসমান হাদি, অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ 

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ওসমান হাদি, অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এসব তথ্য জানায়।

বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে গুরুতর ইনজুরি রয়েছে। তবে আশার কথা হলো, বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে।

মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ব্রেন ইনজুরি হয়েছে। যেহেতু প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তাই আপাতত তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের লাইফ সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

ফুসফুসে ইনজুরির কারণে চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হচ্ছে, সে কারণে ড্রেইন টিউব চালু রাখা হয়েছে। পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট চালু রাখা হয়েছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, পূর্বে তার শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা বা ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (DIC) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন করা হচ্ছে।

এছাড়া ব্রেন স্টেম ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা দেখা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত রয়েছে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট মেডিকেল টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।বিবৃতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট সব চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের মানবিক ও পেশাদার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মেডিকেল বোর্ড জানায়, রোগীর সর্বশেষ মেডিকেল সামারি তার ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি জানাতে পারবেন। একই সঙ্গে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা, কোনো ধরনের ভিজিটর না আসা এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। পেছন থেকে একটি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।