মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আইনি পদক্ষেপ •

ডিএমপির অভিযানে মিরপুরে সর্বোচ্চ ১৫০ জন গ্রেফতার


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৩৮ টি মামলা দায়ের করা হয়। অভিযানে ইয়াবা, হেরোইন, ককটেল, মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৭ অক্টোবর ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে মিরপুরে সর্বোচ্চ ১৫০ জন গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, দেশীয় সরঞ্জাম, মোবাইল ফোন ও সিমকার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন আরও তিনজন।

অভিযান চলাকালে পুলিশ একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। এ ছাড়া এক হাজার ১২১টি ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।