বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রমজান সামনে রেখে জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ-ডিম-মুরগি বিক্রি


রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য পৌঁছে দিতে জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার। টাঙ্গাইলে উদ্বোধনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, সারাদেশে প্রায় ১০ লাখ মানুষ এই কর্মসূচির আওতায় আসবেন।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০০ অপরাহ্ণ 

রমজান সামনে রেখে জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ-ডিম-মুরগি বিক্রি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রমজানকে সামনে রেখে সারাদেশে প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে রমজান মাসে যাতে মানুষ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ প্রোটিনজাতীয় খাদ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ কার্যক্রম চালু করা হবে এবং প্রায় ১০ লাখ মানুষ এর আওতায় আসবেন। বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অতিরিক্ত মূল্য আদায় না করা হয়, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। কেউ অসাধু উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

পোল্ট্রি শিল্পের প্রসঙ্গে তিনি বলেন, খামারিদের টিকিয়ে রাখতে সরকার তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে উৎপাদন ব্যাহত না হয় এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রথম দিনেই বিপুলসংখ্যক ক্রেতা সুলভ মূল্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। আয়োজকরা জানান, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে সার্বিক তদারকি অব্যাহত থাকবে।