ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৬ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন নিয়ে কোনো ধরনের আসন সমঝোতা করবে না বাংলাদেশ খেলাফত মজলিস- এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগর দাওয়াতুল কোরআন মাদরাসায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে ইতোমধ্যে অনেক ছাড় দেওয়া হয়েছে। একাধিক আসন অন্য দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতার প্রশ্নই ওঠে না। আসন সমঝোতায় অংশ নেওয়ার অর্থ একেবারে খালি হাতে ফিরে যাওয়া নয়। খেলাফত মজলিসের কিছু আসনে শক্ত অবস্থান রয়েছে এবং সেসব আসন ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য প্রসঙ্গে তিনি জানান, এখনো ইসলামী দলগুলোর ঐক্য অটুট রয়েছে। সেই ঐক্যের ভিত্তিতেই দাবিকৃত আসনগুলো পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
নারায়ণগঞ্জ-৪ আসনের গুরুত্ব তুলে ধরে মামুনুল হক বলেন, এই আসনটি খেলাফত মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ারের জন্য এ আসনটি অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। সর্বোচ্চ ছাড় দেওয়ার পরও এ আসন নিয়ে দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। দলের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির বৈঠকে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি যে নারায়ণগঞ্জ-৪ আসন অন্য কোনো দলের জন্য ছেড়ে দেওয়া হবে। এ ধরনের সিদ্ধান্তের প্রশ্নই নেই।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললে মামুনুল হক বলেন, এ ধরনের কোনো আলোচনা কেন্দ্রীয় নেতাদের টেবিলে আসেনি। টেবিলের বাইরে গিয়ে কেউ যদি আলাদাভাবে কোনো দলের সঙ্গে সমঝোতা করে, দল তা মানবে না।
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আসন সমঝোতা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, তাহলে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের শক্ত অবস্থানের ওপর ভর করেই বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে নির্বাচনে অংশ নেবে।