শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা


ভারতের ভিসা পেতে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ কিংবা ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার নামে প্রতারণার ফাঁদে না পড়তে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, কাগজপত্র ও ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ 

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও প্রতারকচক্রের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

হাইকমিশন বলেছে, কিছু দালাল ও অননুমোদিত ব্যক্তি বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারণার চেষ্টা করছে। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের আকৃষ্ট করছে।

সতর্কবার্তায় বলা হয়, এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে ভিসাপ্রত্যাশীরা আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। এ কারণে কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার জন্য আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে ভারতীয় হাইকমিশন।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের দালাল বা মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিসাসংক্রান্ত যেকোনো তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে আবেদনকারীদের শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি ও অনুমোদিত মাধ্যম অনুসরণ করারও আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশন।