বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গুগল ম্যাপে এআইয়ের নতুন সুবিধা, খাবার অর্ডার থেকে ভ্রমণ পরিকল্পনা


গুগল ম্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বেশ কিছু নতুন সুবিধা চালু করেছে গুগল। জেমিনি-ভিত্তিক ‘অ্যাস্ক ম্যাপস’ সহকারীর মাধ্যমে এখন ব্যবহারকারীরা খাবার অর্ডার করা, গণপরিবহনের বিলম্বের সরাসরি তথ্য জানা এবং আরও সহজে ভ্রমণ পরিকল্পনা করার মতো কাজ করতে পারবেন।

১১ আগস্ট ২০২৬, ৮:১২ অপরাহ্ণ 

গুগল ম্যাপে এআইয়ের নতুন সুবিধা, খাবার অর্ডার থেকে ভ্রমণ পরিকল্পনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গুগল ম্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বেশ কিছু নতুন সুবিধা চালু করেছে গুগল। জেমিনি-ভিত্তিক ‘অ্যাস্ক ম্যাপস’ সহকারীর মাধ্যমে এখন ব্যবহারকারীরা খাবার অর্ডার করা, গণপরিবহনের বিলম্বের সরাসরি তথ্য জানা এবং আরও সহজে ভ্রমণ পরিকল্পনা করার মতো কাজ করতে পারবেন।

নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় অ্যাস্ক ম্যাপসকে নির্দেশ দিয়ে একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারবেন। যেমন, বাড়ি ফেরার পথে কোনো নির্দিষ্ট খাবার সংগ্রহ করতে চাইলে ব্যবহারকারী অ্যাস্ক ম্যাপসকে তা জানাতে পারবেন। এরপর কাছাকাছি রেস্তোরাঁ খুঁজে দেওয়া, পছন্দের রেস্তোরাঁ বেছে নেওয়ার সুযোগ এবং নির্দিষ্ট খাবার কার্টে যোগ করার কাজ করবে এআই সহকারী। সবশেষে ব্যবহারকারী অর্ডারটি পর্যালোচনা করে নিজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

খাবার অর্ডারের সুবিধাটি রেস্তোরাঁ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কয়ার ও টোস্টের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চালু করা হচ্ছে। শিগগিরই এতে উবার ইটসও যুক্ত হবে।

আরও সহজ হবে ভ্রমণ পরিকল্পনা

অ্যাস্ক ম্যাপসের মাধ্যমে এখন রিয়েল-টাইমে হোটেলের দাম ও খালি কক্ষের তথ্য তুলনা করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীর অবস্থান ও প্রয়োজন অনুযায়ী আশপাশের দর্শনীয় স্থান এবং বিভিন্ন কার্যক্রমের পরামর্শও দেবে এআই সহকারী।

এ ছাড়া গুগল নতুন একটি ট্রানজিট উইজেট চালু করেছে। এর মাধ্যমে বাস, ট্রেন, মেট্রো ও ফেরি চলাচলে কোথায় বিলম্ব হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে। ফলে যাতায়াতের আগে বা পথে ব্যবহারকারীরা সহজেই বিকল্প পরিকল্পনা করতে পারবেন।

ব্যবহারকারীর পছন্দ বুঝে দেবে পরামর্শ

অ্যাস্ক ম্যাপসে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ নামে নতুন একটি সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারী চাইলে এই সুবিধাটি জিমেইলের সঙ্গে সংযুক্ত করে আসন্ন ভ্রমণের তথ্য নিতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট আরও ব্যক্তিগতকৃত পরামর্শ দিতে পারবে।

তবে জিমেইলের সঙ্গে সংযোগ ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারীকে নিজে থেকেই এটি চালু করতে হবে। একইভাবে কথোপকথনের ইতিহাস চালু থাকলে অ্যাস্ক ম্যাপস আগের কথোপকথনের তথ্য মনে রেখে পরবর্তী প্রশ্নের আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।

স্থানীয় বিভিন্ন তথ্য ও পরামর্শ ম্যাপে যুক্ত করার জন্য কথোপকথনভিত্তিক এডিটিং সুবিধাও চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো এলাকার স্থানীয় তথ্য বা সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে পরামর্শ দিতে পারবেন।

অ্যাস্ক ম্যাপস এসব তথ্য পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী তা পুরো ম্যাপস কমিউনিটির সঙ্গে শেয়ার করতে পারবে। ফলে স্থানীয় কোনো স্থানের তথ্য পরিবর্তন বা হালনাগাদের ক্ষেত্রেও ব্যবহারকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

আরও দেশে চালু হচ্ছে অ্যাস্ক ম্যাপস

অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান ও মেক্সিকোসহ আরও অনেক দেশে অ্যাস্ক ম্যাপস সম্প্রসারণ করছে গুগল। ইংরেজি ভাষা সমর্থিত ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলেও এটি চালু করা হচ্ছে।

তবে খাবার অর্ডার, হোটেল খোঁজা, বিভিন্ন ইভেন্টের পরামর্শ এবং কমিউনিটি কন্ট্রিবিউশনের মতো কিছু সুবিধা শুরুতে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাবেন। পরবর্তী সময়ে এসব সুবিধা আরও দেশে চালুর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে লাইভ ট্রানজিট আপডেট, কথোপকথনের স্মৃতি এবং ব্যক্তিগতকৃত উত্তর দেওয়ার সুবিধা ওয়েব ও আইওএসে গুগল ম্যাপসে অ্যাস্ক ম্যাপস বর্তমানে যেসব অঞ্চলে চালু রয়েছে, সেসব এলাকার ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।

সূত্র: সামা টিভি অনলাইন