বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
আগামী টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিক যোগাযোগ ও সর্বশেষ ভিডিও কনফারেন্স হলেও বোর্ড তাদের আগের সিদ্ধান্তেই অনড় অবস্থান নিয়েছে।
গতকাল দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও মো. সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
ভিডিও কনফারেন্স শেষে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, “ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে। আইসিসি সভায় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।” তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি-২০ বিশ্বকাপের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং তা পরিবর্তনের সুযোগ সীমিত। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে ১৬ জাতির এই টুর্নামেন্ট। সূচি অনুযায়ী বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে, যেখানে চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের আপত্তির পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটও বড় ভূমিকা রাখছে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও পরবর্তীতে রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তাকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক শীতল হয়ে পড়ে এবং পরিস্থিতি ধীরে ধীরে জটিল আকার ধারণ করে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ। নিরাপত্তাহীনতার শঙ্কায় ভারত থেকে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে একাধিক চিঠি দেয় বিসিবি। প্রথম চিঠির জবাবে আইসিসি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও বিসিবি পুনরায় নতুন করে চিঠি পাঠায়, যার সরাসরি উত্তর এখনো মেলেনি। তবে আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে টি-২০ বিশ্বকাপ সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বিসিবিকে। এ বিষয়ে বিসিবি স্পষ্ট করেছে, কেবল ভেন্যু পরিবর্তন নয়, ক্রিকেটার ও টিম স্টাফদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ দল আদৌ টি-২০ বিশ্বকাপে অংশ নেবে কি না, নাকি বিকল্প ভেন্যু নিয়ে আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে- তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।